রান্না করছিলেন বৌদি, আচমকাই কুড়ুল দিয়ে গলায় কোপ দেওরের, গ্রেফতার

Spread the news

৬ সেপ্টেম্বর : স্বামী বাড়িতে ছিলেন না। দুই ছেলেও বাইরে খেলছিল। সেই সময়ে রান্নাঘরে ছিলেন মহিলা। রান্না করছিলেন তিনি। আচমকাই পিছন দিক থেকে এসে কুড়ুল দিয়ে গলায় কোপ মেরে তাঁকে খুন করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মালদার হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মহিলার নাম অমৃতা ওঁরাও (২৭)।

অভিযুক্ত দেওর পাঁচু রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, সম্পর্কে টানাপড়েনের কারণেই এই খুন।

পুলিশ সূত্রে খবর, দেওর হামলা চালানোর পরে অমৃতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসেছিলেন। তাঁরাই পরে পুলিশে খবর দেন। ততক্ষণে পালিয়ে গিয়েছিলেন পাঁচু। পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলে। তাতেই শেষমেশ ধরা পড়েন অভিযুক্ত।

পাড়াপড়শিদের সঙ্গে কথা বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অমৃতার সঙ্গে পাঁচুর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। কিন্তু কিছু দিন ধরেই অমৃতা দেওরকে এড়িয়ে চলছিলেন। সম্ভবত, তাতে পাঁচুর ধারণা হয় যে, বৌদি অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই রাগ থেকেই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ।

অমৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *