ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : আসাম ক্রিকেট সংস্থা আয়োজিত নুরুদ্দিন আহমদ ট্রফি সিনিয়র আন্তঃজেলা টুর্নামেন্টের গ্রুপ লিগের ম্যাচে ড্র করে প্রথম ইনিংসে লিড পাওয়ার সুবাদে তিন পয়েন্ট ঘরে তুললো শিলচর। অন্যদিকে, শিলচরের নিশ্চিত জয় আটকে দিয়ে এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়েছে বঙাইগাঁও দলকে। হেরে গেলে তারা এক পয়েন্টও পেতো না। অন্যদিকে, ছয় পয়েন্ট সহ ম্যাচটা শেষ করার সুযোগ ছিল রাহুল সিং অ্যান্ড কোম্পানির সামনে। শিলচর দলের অধিনায়ক তথা রনজি স্পিনার রাহুল প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে নিলেন আরও পাঁচটি। দ্বিতীয় ইনিংসে বঙাইগাঁও ৬৩ ওভার খেলে ১৫৬ রান করে। প্রথম আটজন ব্যাটারই দুই অঙ্কের রান পেয়েছেন। সর্বাধিক ২৪ রান করেন অভিজিৎ বর্মন। তিনি খেলেছেন ৭৩ বল। মহম্মদ তাইজুদ্দিন ১৩ রান করেন ৫৪ বলে। সপ্তম উইকেটের জুটিতে ১১০ বল খেলে তারা ম্যাচকে দীর্ঘায়িত করে দেন। শিলচরের বাকি বোলারদের মধ্যে শুভম মণ্ডল দুই উইকেট নেন। পারভেজ মুশারফ, ঋত্বিক ধর ও অমিত কুমার যাদব একটি করে উইকেট নিয়েছেন।
বঙাইগাঁও দল প্রথম ইনিংসে করেছিল ১৪৭ রান। শিলচর তার জবাবে করে ২১৬ রান। যার মধ্যে ৬৯ রান করে আজ সকালে আউট হন শুভম মণ্ডল। শমীক দাস করেন ৪৯ বলে ৪২ রান। তিনিই ম্যাচে গতি এনে দেন। বিপক্ষের অভিজিৎ বর্মন পেয়েছেন চার উইকেট।
সরাসরি জয়ের জন্য প্রয়োজনীয় ৯১ রান তুলতে গিয়ে শিলচর মাত্র ছয় ওভার খেলার সুযোগ পায়। তারা ৩ উইকেটে ৫৭ রান করে। এর মধ্যে ৯ বলে ২০ রান করেন পারভেজ মুশারফ। বিপক্ষের ইমরান আহমদ দুই উইকেট নেন।
নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় হতাশ শিলচরের অন্যতম কোচ রেহান মজুমদার। বঙাইগাঁও দলকে আরও আগে অলআউট করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।



