চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজে সচেতনতামূলক র‍্যালি, মাদক ও এইচআইভি সচেতনতা কর্মসূচি

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ জুন :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ও অবৈধ মাদক পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে পাথারকান্দির চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজে সোমবার এক সচেতনতামূলক সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের রেড রিবন ক্লাব, এনসিসি ও এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে এবং আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে মাদকবিরোধী সচেতনতার পাশাপাশি এইচআইভি/এইডস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি সোনাখিরা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। ছাত্রছাত্রী ও শিক্ষকরা ব্যানার, প্ল্যাকার্ড এবং মাদকবিরোধী স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেন। র‍্যালি শেষে কলেজের প্রেক্ষাগৃহে মূল অনুষ্ঠানের উদ্বোধন হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন এবং ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রধান অতিথিকে কলেজের পক্ষ থেকে স্বাগত জানান এনএসএস প্রোগ্রাম অফিসার সংযোগিতা পাশি। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বাংলা বিভাগের অধ্যাপিকা সুস্মিতা দাস। স্বাগত বক্তব্য রাখেন রেড রিবন ক্লাবের সমন্বয়ক ও ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত সিনহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির ক্লিনিক্যাল সার্ভিসেস অফিসার সৈয়দ সেলিম হক। তিনি মাদকের ভয়াবহ সামাজিক প্রভাব, যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং মাদক গ্রহণের ফলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ‘Say No to Drugs’ এবং ‘Know HIV, No Stigma’ বার্তা ধারণ করে সচেতন সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ ড. সুভাষ সিনহা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে মাদক ও এইডসমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে অধ্যাপক মুনসুর হকের সঞ্চালনায় মাদক ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া এদিন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি পূর্বদিন আয়োজিত বিতর্ক ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অতিথিরা সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দিতা আচার্য, হেনা খানম, রাম নরেশ রবিদাস, উত্তম রিখিয়াশন, দেবাশিস রায়, দেব নারায়ণ হাজাম, দেবশ্রী নুনিয়া, অয়ন পাল, বিশ্বজিৎ আচার্য ও অজয় কর্মকারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চিন্ময় চক্রবর্তী। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই সচেতনতামূলক কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *