বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ‘মেরা রেশম, মেরা অভিমান’ ২.০ কর্মসূচির আওতায় মঙ্গলবার হাইলাকান্দি জেলার মোহনপুরে এরি ও মুগা রেশমচাষের আধুনিক প্রযুক্তি নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলা রেশম দফতরের সহযোগিতায় কেন্দ্রীয় রেশম বোর্ডের লাহদইগড়স্থিত রেশমচাষ প্রযুক্তি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজের উদ্দিন বেগ এই কর্মসূচিতে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন।
কর্মসূচিতে মোট ৬০ জন রেশমচাষী অংশগ্রহণ করেন। তাঁদের বৈজ্ঞানিক পদ্ধতিতে এরি ও মুগা রেশমকীট পালন, পোষক উদ্ভিদের সঠিক পরিচর্যা, পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগ প্রতিরোধ এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী রেশম উন্নয়ন আধিকারিক জগদীশ শর্মা এবং হাইলাকান্দির রেশম পরিদর্শক আনামউদ্দিন লস্কর।
কর্মসূচিতে অংশগ্রহণকারী রেশমচাষীরা কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সক্রিয়ভাবে মতবিনিময় করেন। উন্নত এরি ও মুগা রেশমচাষ পদ্ধতি গ্রহণের ব্যাপারে তাঁরা গভীর আগ্রহ প্রকাশ করেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে রেশমচাষীদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষে উৎসাহিত করা সম্ভব হবে। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রেশমচাষীদের আয় ও আর্থিক স্বনির্ভরতাও বৃদ্ধি পাবে।



