জাতীয় মঞ্চে অসমের আরবিএসকে দলের সাফল্য, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের প্রশংসা ও জাতীয় সম্মাননা

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : শিশুস্বাস্থ্য সুরক্ষা, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা প্রদানের ক্ষেত্রে জাতীয় স্তরে বিশেষ স্বীকৃতি পেল অসমের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (আরবিএসকে) দল। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৪৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (আইআইটিএফ) ২০২৬-এ অংশগ্রহণ করে শিশুস্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের প্রশংসা ও জাতীয় সম্মাননা অর্জন করেছে রাজ্যের এই দল।

গত ১৪ থেকে ২১ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হেলথ প্যাভিলিয়নে আরবিএসকে-র স্টল ছিল অন্যতম আকর্ষণ। এবারের মেলার মূল ভাবনা ছিল ‘যুবা ভারত, স্বস্থ ভারত’। আরবিএসকে-র স্টেট কনসালট্যান্ট ডা. আনন্দ শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ডা. প্রজ্বলিকা শর্মা, ডা. মৃগাঙ্ক শেখর ঘোষ, দীপজ্যোতি চেত্রী এবং করুণিমা দেবী।

এই কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবের আরবিএসকে-র ১২ নম্বর স্টল পরিদর্শন। এ সময় অসমের প্রতিনিধি দল রাজ্যে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা পরিষেবা সম্পর্কে তাঁকে বিস্তারিতভাবে অবহিত করে। পাশাপাশি সরাসরি স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কর্মসূচির কার্যক্রমও তুলে ধরা হয়। দলের উদ্যোগ ও কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।

এছাড়াও আরবিএসকে-র ডেপুটি কমিশনার ডা. শোভনা গুপ্ত, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের যুগ্ম সচিব তথা কোকরাঝাড় ও নলবাড়ির প্রাক্তন জেলাশাসক বার্নালী ডেকা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত সচিব ও মিশন ডিরেক্টর আরাধনা পট্টনায়েক স্টলটি পরিদর্শন করেন।

মেলা চলাকালীন বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া-সহ আগত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন অসমের প্রতিনিধি দলের সদস্যরা। শিশুদের মধ্যে রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

বিশেষভাবে নজর কাড়ে মৌখিক ও দন্তস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি। দলের মেডিক্যাল অফিসার তথা ডেন্টাল সার্জন ডা. মৃগাঙ্ক শেখর ঘোষ শিশু ও অভিভাবকদের হাতে-কলমে দাঁত পরিষ্কারের সঠিক পদ্ধতি, উপযুক্ত টুথব্রাশ নির্বাচন, ফনস পদ্ধতি এবং প্রতিদিন দু’বার অন্তত দুই মিনিট করে দাঁত ব্রাশ করার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষণ দেন। পাশাপাশি শিশুদের স্পিচ এক্সারসাইজ এবং ওরাল ও ডেন্টাল ফিজিওথেরাপির বিভিন্ন কৌশলও প্রদর্শন করা হয়। এই সচেতনতামূলক কর্মসূচিতে শিশু ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে নাট্য পরিবেশনাকেও মাধ্যম হিসেবে বেছে নেয় দলটি। শিশুদের বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার গুরুত্ব নিয়ে নাটক মঞ্চস্থ করার পাশাপাশি টাইপ-১ ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে সচেতনতামূলক নাট্য পরিবেশনা করা হয়।

এদিকে, মেলায় আয়োজিত কুইজ প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করেন ডা. মৃগাঙ্ক শেখর ঘোষ। আয়কর বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি পুরস্কার লাভ করেন। পাশাপাশি জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি (এনওএইচপি)-র পক্ষ থেকেও তাঁকে সম্মানিত করা হয়। তাঁর এই স্বীকৃতি অসমের আরবিএসকে দলের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের আওতায় জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের চারটি প্রধান ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা প্রদান করা হয়। এগুলি হল জন্মগত ত্রুটি, বিভিন্ন শৈশবকালীন রোগ, পুষ্টিগত ঘাটতি এবং বিকাশগত বিলম্ব ও প্রতিবন্ধকতা। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং প্রাথমিক পর্যায়েই সমস্যাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

নয়াদিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অসমের আরবিএসকে দলের এই অংশগ্রহণ রাজ্যের শিশুস্বাস্থ্য পরিষেবার উদ্যোগ ও অভিজ্ঞতাকে জাতীয় মঞ্চে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের প্রশংসা, শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতি এবং জাতীয় স্তরে সম্মাননা—সব মিলিয়ে এই সাফল্য অসমের স্বাস্থ্য পরিষেবা বিভাগের কাছে এক উল্লেখযোগ্য প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *