পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার শিলচরের বঙ্গ ভবনে পুষ্পাঙ্গন সঙ্গীত কলা কেন্দ্রের বার্ষিক উৎসব উদযাপিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী পুষ্প বিশ্বাস, আঞ্চলিক সংবাদ সংস্থা পিএনসির চেয়ারম্যান হারাণ দে, শিক্ষাবিদ শ্যামলী কর ভাওয়াল, সমাজসেবী অংশুকুমার রায় এবং সংস্কৃতিকর্মী ভাস্কর দাস। এ সময় উপস্থিত ছিলেন পুষ্পাঙ্গন সঙ্গীত কলা কেন্দ্রের অধ্যক্ষ উৎপল বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে পুষ্পাঙ্গন সঙ্গীত কলা কেন্দ্রের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

উদ্বোধনী পর্বের পর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য ও সংগীত পরিবেশন করে পুষ্পাঙ্গন সঙ্গীত কলা কেন্দ্রের শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। তাঁদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।



