অসম বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কড়া পদক্ষেপ, বহিষ্কৃত ১৫ নেতা-কর্মী

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : অসম বিধানসভা নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। এরমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। শদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল জোরকদমে চালাচ্ছে প্রচার অভিযান। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ জন নেতা ও কর্মীকে বহিষ্কার করেছে রাজ্য বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছেন, বহিষ্কৃত সবাইকে অবিলম্বে কার্যকরভাবে ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া এবং অন্য প্রার্থীকে সমর্থন করার অভিযোগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বরপেটা বিধানসভা কেন্দ্রের উদ্ধব দাস, দিসপুর বিধানসভা কেন্দ্রের জয়ন্ত কুমার দাস, কলিয়াবর বিধানসভা কেন্দ্রের জিতেন্দ্রজিৎ গৌর, বড়খলা বিধানসভা কেন্দ্রের অমলেন্দু দাস, গোয়ালপাড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের ধনজিৎ রাভা, বঙাইগাঁও বিধানসভা কেন্দ্রের চক্রধর দাস, বরপেটা বিধানসভা কেন্দ্রের গগনচন্দ্র হালই, কমলপুর বিধানসভা কেন্দ্রের অঙ্কুর দাস এবং লামডিং বিধানসভা কেন্দ্রের যশোদা দুলাল (শ্যামল) রক্ষিতকে বহিষ্কার করেছে

এ ছাড়া রয়েছেন কলিয়াবরের লাওখোয়া মণ্ডল সভাপতি গগনচন্দ্র মণ্ডল, পশ্চিম কলিয়াবর মণ্ডল সভাপতি কিশোর কর্মকার, পশ্চিম কলিয়াবর মণ্ডল সাধারণ সম্পাদক গুরুপ্রসাদ উপাধ্যায়, পূর্ব কলিয়াবর মণ্ডল সাধারণ সম্পাদক তুষান্ত কলিতা, তফসিলি জাতি মোর্চার কলিয়াবর জেলা সভাপতি মণি হাজরিকা এবং চা জনগোষ্ঠী মোর্চার সাধারণ সম্পাদিকা পিঙ্কি মির্ধা প্রমুখ।

দলীয় অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *