শিলচরে শুরু ‘আগমনী উৎসব’, ৩৩ নারী উদ্যোক্তার হাতে তৈরি পণ্যের পসরা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : দুর্গোৎসবকে সামনে রেখে শিলচরে শুরু হল চার দিনব্যাপী নবম ‘আগমনী উৎসব’ ফ্যাশন মেলা। সোমবার বিকেলে শিলচর-হাইলাকান্দি রোডের মাতৃ বিবাহ ভবনে দিশান্ত ক্রিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। ফিতা কেটে মেলার উদ্বোধনের পাশাপাশি মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করেন তিনি। এবারের মেলায় বরাক উপত্যকার ৩৩ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। নিজেদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে তাঁরা মেলায় স্টল সাজিয়েছেন। এর মধ্যে রয়েছে নানা ধরনের ব্যাগ, আকর্ষণীয় ডিজাইনের শাড়ি ও পোশাক, আংটি ও বিভিন্ন জুয়েলারি, গোপাল ঠাকুরের পোশাক, মোমবাতি এবং রূপচর্চার সামগ্রী। পাশাপাশি ঘরে তৈরি মিষ্টি ও স্থানীয় চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন খাদ্যসামগ্রীরও আয়োজন করা হয়েছে। মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই পছন্দের সামগ্রী কেনাকাটাও করছেন। উদ্যোক্তাদের আশা, এই মেলার মাধ্যমে তাঁদের নিজস্ব পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ আরও বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী স্বর্ণালী চৌধুরী অংশগ্রহণকারী ৩৩ জন নারী উদ্যোক্তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, দুর্গোৎসবকে সামনে রেখে নারীরা নিজেদের হাতে তৈরি ফ্যাশনসামগ্রী প্রদর্শন ও বিক্রির যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর কথায়, “যেকোনও সমাজের উন্নয়নে মহিলাদের অগ্রণী ভূমিকা অপরিহার্য। বর্তমান সময়ে নারীদের স্বাবলম্বী হয়ে ওঠা অত্যন্ত জরুরি।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশান্ত ক্রিয়েশনের দীপশিখা রায়, সোনালী বণিক, রাজশ্রী দেব ধর, নবনীতা পাল, নবনীতা দত্ত সেনগুপ্ত, শিপ্রা দাস, চন্দ্রা ভট্টাচার্য, শতরূপা রায়-সহ আরও অনেকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী চার দিন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। স্থানীয় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি পণ্যের বিপণন ও প্রচারের পাশাপাশি তাঁদের কর্মসংস্থান ও পরিচিতি বৃদ্ধির ক্ষেত্রেও এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *