রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে করিমগঞ্জে জেলা কংগ্রেসের ধরনা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আরএসএস ও বিজেপির কিছু কর্মীর দায়ের করা এফআইআরের প্রতিবাদে করিমগঞ্জে ধর্না কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের নির্দেশে সোমবার জেলা কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

ধরনা কর্মসূচিকে ঘিরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ক্ষোভ লক্ষ্য করা যায়। জেলা কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, গণতন্ত্রে বিরোধী দলের কণ্ঠস্বর দমন করার যে কোনও প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী মত প্রকাশের অধিকারকে সম্মান করা জরুরি। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান সাহাদত আহমদ চৌধুরী, জ্যোতিষ পুরকায়স্থ, বদরুল হক, নৃপেন্দ্র চন্দ্র দাস, মহিদুল ইসলাম, অহি রঞ্জন দে, টিনা সেন, হাসিনা রহমান, ধ্রুবজ্যোতি দাস, কমর উদ্দিন, শঙ্কু পাল চৌধুরী, মনোজ দে, রানা আচার্য-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

ধরনা মঞ্চ থেকে কংগ্রেস নেতারা রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানান। পাশাপাশি বিরোধী দলের নেতাদের স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বানও জানান তাঁরা।

এদিন কংগ্রেস কর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবি তোলেন। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

জেলা কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, গণতন্ত্রে প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ণ রাখার দাবিতে আগামী দিনেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *