বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে আগরতলা শহর। জল জমে রাস্তাঘাট কার্যত অচল হয়ে পড়েছে, ফলে জনজীবন স্তব্ধ হয়ে যায়। ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি, গাছপাল। ঝড়ে যানবাহনের উপর ভেঙে পড়ে গাছগাছালি। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ।
এদিকে, বৃষ্টিপাতে ত্রিপুরার একাধিক শহরের বহু এলাকায় নেমে আসে জলাবদ্ধতার ভয়াবহ চিত্র, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিশেষ করে আমবাসা বাজার সংলগ্ন জাতীয় সড়ক-এ হাঁটুসমান জল জমে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ হলেও কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থার অভাব প্রকট হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবি তুলেছেন এলাকার মানুষ।



