বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক, কটূক্তি ও হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে শ্রীভূমি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীভূমি যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী। শুক্রবার দায়ের করা অভিযোগে শুভজিৎ জানান, বৃহস্পতিবার শিলচরের বাসিন্দা রাজ ঘোষ ও লক্ষ্মণ দাস একটি লাইভ ভিডিওতে তাঁর ছবি ব্যবহার করে তাঁকে লক্ষ্য করে কটূক্তি ও গালিগালাজ করেন। পাশাপাশি ভিডিওতে ‘দাঙ্গা শুরু হবে’—এমন হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁকে ‘অন্ধ’ বলেও অপমান করা হয়েছে বলে দাবি শুভজিতের।
অভিযোগকারী জানান, ওই লাইভ ভিডিওর সম্পাদিত সংস্করণ, স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের তথ্যসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ তিনি সংরক্ষণ করে রেখেছেন। তদন্তের সময় এসব প্রমাণ পুলিশের কাছে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) প্রাসঙ্গিক ধারায় এফআইআর নথিভুক্ত করে তদন্ত, ইলেকট্রনিক প্রমাণ সংগ্রহ এবং তাঁর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন শুভজিৎ চক্রবর্তী।



