বরাক তরঙ্গ, ২০ জুলাই : উজান অসমের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বন্যার প্রবল স্রোতে বিভিন্ন স্থানে রেললাইনের নিচের মাটি ধসে যাওয়া এবং ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) তিনসুকিয়া থেকে চলাচলকারী প্রায় ১০টি যাত্রীবাহী ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ১২৪২৩ নম্বর ডিব্রুগড়-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, ২২৫০৪ নম্বর বিবেক এক্সপ্রেস, ১৫৯১০ নম্বর পাঞ্জাব-ডিব্রুগড় এএ এক্সপ্রেস, ২০৫০৫ নম্বর ডিব্রুগড়-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, ১৩২৮১ নম্বর ডিব্রুগড়-রাজেন্দ্র নগর এক্সপ্রেস, ১৫৯৬০ নম্বর ডিব্রুগড়-কামরূপ এক্সপ্রেস, ৫৫৯১৪ নম্বর তিনসুকিয়া-যোরহাট প্যাসেঞ্জার, ১৫৬০৪ নম্বর লিডু-গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫৯২৭ নম্বর রঙিয়া-তিনসুকিয়া ইন্টারসিটি এক্সপ্রেস।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার তীব্র স্রোতে একাধিক স্থানে রেলপথের নিচের মাটি ধসে যাওয়ার পাশাপাশি ট্র্যাকেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে। তবে জল কমার পরই পূর্ণাঙ্গভাবে মেরামতির কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।
হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় তিনসুকিয়া রেলস্টেশনে বহু যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। চিকিৎসা, শিক্ষা, চাকরি এবং অন্যান্য জরুরি কাজে যাত্রার পরিকল্পনা করা বহু মানুষ বিকল্প পরিবহনের সন্ধানে হিমশিম খাচ্ছেন।
উল্লেখ্য, উজান অসমের অন্তত তিনটি জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে। বিভিন্ন নদ-নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়ক যোগাযোগের পাশাপাশি এবার রেল যোগাযোগেও তার সরাসরি প্রভাব পড়েছে।
পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন। যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে নিজ নিজ ট্রেনের চলাচলের সর্বশেষ অবস্থা নিশ্চিত করে নেওয়ার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।



