বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার বোয়ালিপারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়জুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় রুহুল আমিন নামে আরও এক যুবক আহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার রাতে ফয়জুল হক ও রুহুল আমিন মোটরবাইকে করে আলগাপুর থেকে হাইলাকান্দির দিকে যাচ্ছিলেন। বোয়ালিপার এলাকায় পৌঁছালে তাঁদের মোটরবাইকে একটি বোলেরো গাড়ি ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ফয়জুল হকের মৃত্যু হয়। রুহুল আমিন আহত হন।
এদিকে, দুর্ঘটনার পর সড়কের পাশে রাখা পাথরের স্তূপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সড়কের পাশে এভাবে পাথর ফেলে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করেন বলেও জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সড়কের পাশে পাথর রাখার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



