ভক্তিমুখর পরিবেশে কাটলিছড়ায় পালিত বিশ্ব হিন্দু পরিষদের ৬২তম প্রতিষ্ঠা দিবস

Spread the news

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় ধর্মীয় ও ভক্তিমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব হিন্দু পরিষদের ৬২তম প্রতিষ্ঠা দিবস। রবিবার দিনব্যাপী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বলন, ভারত মাতা পূজন ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়। এরপর সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি যজ্ঞ। এতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর-পূর্ব শাখার সংযোজক স্বামী সাধনানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন অসম ক্ষেত্র ধর্ম প্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল এবং দক্ষিণ-পূর্ব প্রান্ত সহ-সম্পাদক শ্যামসুন্দর রবিদাস।
বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ধর্মসভা। সেখানে বক্তারা হিন্দু ধর্মের প্রচার ও প্রসারের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর বিকেল ৫টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কাটলিছড়ার স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠান প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
সন্ধ্যা ৭টায় দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশ্ব হিন্দু পরিষদের কাটলিছড়া প্রখণ্ড সভাপতি জগদীশ পাল, জেলা সভাপতি প্রদীপ পাল, জেলা ধর্ম প্রচার প্রমুখ রাজেশ পাল, জেলা সম্পাদক কৃষ্ণ পাল, জেলা বজরং দলের সহ-সংযোজক মিঠুন কৈরী, জেলা সহ-সভানেত্রী রিতা পাল, কাটলিছড়া প্রখণ্ড সম্পাদক সুব্রত কর এবং কাটলিছড়া প্রখণ্ড ধর্ম প্রসার প্রমুখ দেবল সিংহ-সহ পরিষদের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবারুন আচার্য। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও সাংস্কৃতিক আবহে দিনব্যাপী এই আয়োজন কাটলিছড়ায় এক বিশেষ পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে পরিষদের সদস্য, আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *