বরাক তরঙ্গ, ১৪ মার্চ : অসমের নগাঁও শহরের কাছাকাছি দিনদুপুরে দুষ্কৃতীদের একটি দল পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগাঁওয়ের শলমারি তিনিআলি ও টাউন তেলায়াগাঁওয়ের মাঝামাঝি এলাকায় এই দুঃসাহসিক লুটের ঘটনা সংঘটিত হয়।
জানা গেছে, সাতজন মহিলার কাছ থেকে মোট ৪ লক্ষ ৭১ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমের সামনে ভুক্তভোগী এক মহিলা জানান, সাতজন মহিলা নগাঁও শহরের চামগুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এইচডিএফসি ব্যাংক থেকে তাদের স্বনির্ভর গোষ্ঠীর নামে ৪ লক্ষ ৭১ হাজার টাকার ঋণ তুলেছিলেন।
ব্যাংক থেকে টাকা তুলে একটি ই-রিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। সেই সময় বাইকে করে আসা চার-পাঁচজনের একটি দুষ্কৃতী দল ই-রিকশাটিকে আটকায় এবং প্রথমে পিস্তল দেখিয়ে টাকা দিতে হুমকি দেয়। পরে মহিলাদের কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করলে মহিলারাও বাধা দেন। মহিলাদের দাবি, দুষ্কৃতীরা তাদের এবং ই-রিকশা চালককেও অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
এদিকে, কয়েকজন পথচারী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও পিস্তল দেখিয়ে ভয় দেখায় দুষ্কৃতীরা। এরপর মহিলাদের কাছে থাকা ৪ লক্ষ ৭১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তারা। মুখে মাস্ক পরা ওই দুষ্কৃতীদের কাউকেই চেনেন না বলে জানিয়েছেন মহিলারা এবং ই-রিকশা চালক।

ভুক্তভোগী এক মহিলা বলেন, “আমরা ব্যাংক থেকে গোষ্ঠীর লোন নিয়ে ফিরছিলাম। টাকা একটি ব্যাগে ছিল। চারজন লোক বাইকে করে এসে আমাদের আটকায়। তাদের কাছে ছুরি ও পিস্তল ছিল। আমরা এইচডিএফসি ব্যাংক, চামগুড়ি স্ট্যান্ড থেকে ৪ লক্ষ ৭১ হাজার টাকা তুলেছিলাম।”
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইটাপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মহিলা গোষ্ঠীর সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলে জানা গেছে।



