১৪ মার্চ : ব্রিগেডের জনসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলায় ‘জঙ্গলরাজ’ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সরকারকে ‘নির্মম’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর দাবি, কুর্সি বাঁচাতে সরকার সবরকম হাতিয়ার প্রয়োগ করলেও মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ দমানো যাবে না।
বাংলার মানুষের আবেগ স্পর্শ করতে ভাষণের শুরুতে বাংলাতেই কথা বলেন মোদি। তিনি বলেন, “আমার প্রিয় বাংলাবাসী, অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম।” ব্রিগেডের উপচে পড়া ভিড় দেখে তিনি একে ‘অদ্ভুত দৃশ্য’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় না থাকলেও কেন্দ্রীয় সরকার সবসময় উন্নয়নের পাশে রয়েছে। এদিনের মঞ্চ থেকেই তিনি বাংলার জন্য ১৮ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের ডালি সাজিয়ে দেন
প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, আগামী নির্বাচনে বাংলার ‘নবনির্মাণ’ই হবে বিজেপির প্রধান লক্ষ্য। তাঁর মতে, বাংলার মানুষ আর ভয় পাবেন না এবং দুর্নীতির শাসন থেকে মুক্তি পেতে তৈরি হয়ে গিয়েছেন। সব মিলিয়ে ব্রিগেডের এই মেগা সমাবেশ থেকে কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




