ঝড়ে সড়ক থেকে নদীতে পড়ল ই-রিকশা, মৃত্যু চালকের

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : ঝড়ের তাণ্ডবে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ই-রিকশা চালক। মৃতের নাম আলিম উদ্দিন লস্কর (৩৫)। তিনি লালা থানার অন্তর্গত লালপানি ফরেস্ট ভিলেজের বাসিন্দা। ঘটনাটি শুক্রবার দুপুরে লালা এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আলিম উদ্দিন লস্কর ই-রিকশা নিয়ে লালা থেকে ধনিপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তিনি ই-রিকশা চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আচমকা তীব্র দমকা হাওয়ায় ই-রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং চালকসহ রাস্তা থেকে ছিটকে পাশের ধলেশ্বরী নদীতে পড়ে যায়।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে গুরুতর জখম অবস্থায় আলিম উদ্দিনকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে লালা থানার ওসি দেবানন্দ দাস ও এসআই জুয়েল দাস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ই-রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, শুক্রবার সকালে তিনি লালপানি ফরেস্ট ভিলেজ থেকে ই-রিকশা নিয়ে লালায় এসেছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত আলিম উদ্দিন লস্করের পরিবারে স্ত্রী ও এক পুত্র রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও গ্রামে নেমে এসেছে গভীর শোকের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *