রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : ধলাইয়ে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই হল। বৃহস্পতিবার রাতে ভাগাবাজার নিউমার্কেট এলাকায় গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। একজন ঘটনাস্থলেই মারা যান। দু’জনের পরিচয় পাওয়া যায়। নিহতরা হলেন দক্ষিণ ধলাইর চান্নীঘাট গ্রাম পঞ্চায়েতের ফ্রেঞ্চনগর গ্রামের কান্ত মালাকার (৩৮) এবং হাইলাকান্দি জেলার রতনপুর গ্রামের বাসিন্দা সাজন মালাকার (৩২)। সাজন দীর্ঘদিন ধরে ফ্রেঞ্চনগরে তাঁর শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। হাইলাকান্দিতে তাঁর বোনের বিয়ে উপলক্ষে নিজের ডিসকভার মোটরসাইকেল নিয়ে গিয়েছিলেন সাজন।
জানা যায়, বোনের বিয়ের অনুষ্ঠান শেষ করে হাসিমুখে বাড়ি ফিরছিলেন ভাই, কিন্তু পথেই ওত পেতে ছিল যমদূত। কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ ৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তাঁর সঙ্গে ছিলেন প্রতিবেশী কান্ত মালাকারও। বিয়ের অনুষ্ঠান শেষে রাতে বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ভাগাবাজার নিউমার্কেট এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার লরির পেছনে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকটি।
প্রচণ্ড শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ১০৮ মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্সে খবর দেন। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। শুক্রবার ময়নাতদন্ত শেষে সাজন মালাকারের মরদেহ হাইলাকান্দিতে এবং কান্ত মালাকারের মরদেহ ধলাইর ফ্রেঞ্চনগরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দুই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




