বরাক তরঙ্গ, ১৩ মার্চ : কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনির আলী। তিনি দেওরাছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে কৈলাসহর থানার পুলিশ মনির আলিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে গভীর রাতে পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয় যে মনির আলির মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।
পরিবারের দাবি, সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর কীভাবে তার হঠাৎ মৃত্যু হল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সূত্রের খবর, পারিবারিক বিবাদের জেরে মনির আলির দ্বিতীয় স্ত্রী তার বিরুদ্ধে খোরপোশ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে। পরিবারের দাবি, মনির আলও মাঝে মধ্যেই খোরপোশের টাকা পরিশোধ করতেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় শনিবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার।

এদিকে, এই মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন।



