প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শিলচরে বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মার্চ : শিলচর বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট সময়ে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

যান চলাচলে নিষেধাজ্ঞা
সভাস্থলের উদ্দেশ্যে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি শিলচর বাইপাসের আইএসবিটি পয়েন্ট থেকে মঙ্গল পান্ডে চৌক পর্যন্ত চলাচল করতে পারবে না। শুধুমাত্র সভায় অংশগ্রহণের জন্য আসা যানবাহন (এইচএমভি/এমএমভি/এলএমভি) এই সড়কে চলতে পারবে। সাধারণ যানবাহনকে আইএসবিটি পয়েন্ট ও মঙ্গল পান্ডে চৌকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।
সভাস্থলের সামনে শিলচর বাইপাসে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। ওই এলাকা সম্পূর্ণ নো ভেহিকল জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

সভাস্থলে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি মেহেরপুর রোডের কাঠাল পয়েন্ট থেকে কাঁঠাল রোড হয়ে শিলচর বাইপাসের দিকে যেতে পারবে না।
চেংকুড়ি পয়েন্ট (এনএইচ পিপির নিকটে) থেকে শিলচর বাইপাসের দিকে সভায় আসা যানবাহন ছাড়া অন্য কোনও যান চলাচল করতে পারবে না।
শিলচর বাইপাসে কোনও যানবাহন থামানো বা পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শিলচর শহরের ভিতরে কোনো এইচএমভি (ভারী যানবাহন) চলাচল করতে পারবে না।

ট্রাফিক নিয়মাবলি
মেহেরপুর রোডের আতালবস্তি এলাকা থেকে সভাস্থলের উদ্দেশ্যে আসা দুই ও তিন চাকার যানবাহনের জন্য শিলচর বাইপাসমুখী একদিকমুখী চলাচল ব্যবস্থা চালু থাকবে।

কাঁঠাল রোড থেকে হাতিরপথ হয়ে এনএইচ পিপির দিকে যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বাংলাঘাট থেকে চেংকুড়ি রোড হয়ে শিলচর বাইপাসের দিকে আসা যানবাহন (সভায় আসা এলএমভি ও দুই/তিন চাকার যানবাহন ছাড়া) পেচাধার রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

রামনগর রোড বা শিলচর–হাইলাকান্দি রোড দিক থেকে সভাস্থলের উদ্দেশ্যে আসা যানবাহন আইএসবিটি পয়েন্ট হয়ে শিলচর বাইপাসে প্রবেশ করতে পারবে। নির্দিষ্ট পার্কিং স্থানে গাড়ি রেখে সেখানেই যাত্রীদের নামাতে হবে। ঘুংগুর, ধোয়ারবন্দ, ধলাই ও সোনাই দিক থেকে আসা যানবাহন মঙ্গল পাণ্ডে পয়েন্ট হয়ে শিলচর বাইপাসে প্রবেশ করবে এবং নির্ধারিত পার্কিং স্থানে গাড়ি রেখে যাত্রী নামাবে।

শিলচর শহরের দিক থেকে সভাস্থলের উদ্দেশ্যে আসা যানবাহন চেংকুড়ি রোড, কাঁঠাল রোড বা আতালবস্তি রোড হয়ে শিলচর বাইপাসে পৌঁছাবে এবং নির্দিষ্ট পার্কিং স্থানে গাড়ি রাখবে। ভকতপুর রোড ও হাতিরপথের উভয় দিকেই নো এন্ট্রি জারি থাকবে।

হাইলাকান্দি ও শ্রীভূমি দিক থেকে আসা এলএমভি যানবাহন ডন বসকো স্কুল পথ দিয়ে বের হতে পারবে। চেংকুড়ি রোড থেকে আসা এলএমভি যানবাহন পেচাধার রোড হয়ে শিলচর বাইপাসে বের হবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তা ও যানজট এড়াতে এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এজন্য একটি ট্রাফিক মানচিত্রও সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *