অনলাইন বুকিং বন্ধ, আইওসি এজিএম কার্যালয়ে জেলা কংগ্রেস

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : শিলচরসহ কাছাড় জেলার বিভিন্ন এলাকায় রন্ধন গ্যাসের অনলাইন বুকিং বন্ধ হয়ে যাওয়ায় তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ইস্যুতে বৃহস্পতিবার আইওসির এজিএম কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানায় শিলচর জেলা কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, গত ৮ মার্চ থেকে গ্যাসের অনলাইন বুকিং ব্যবস্থা বন্ধ থাকায় শিলচরসহ জেলার বিভিন্ন স্থানে গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

দলের দাবি, অনেক এলাকায় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সাধারণ মানুষকে ব্ল্যাক মার্কেটে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবার জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল আইওসির এজিএম কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি তুলে ধরে। কংগ্রেস নেতা অভিজিৎ পাল জানান, আইওসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে বর্তমানে প্রায় আট দিনের গ্যাসের মজুত রয়েছে। তবে সার্ভারজনিত সমস্যার কারণে অনলাইন বুকিং নেওয়া সম্ভব হচ্ছে না। এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস দ্রুত সমস্যার সমাধান এবং পুরো পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *