লাহরিঘাটে অসম রাজ্য সাংবাদিক সংস্থার মরিগাঁও জেলা সমিতির ত্রি-বার্ষিক অধিবেশন

Spread the news

তিন প্রবীণ সাংবাদিককে পুরস্কার প্রদান

বরাক তরঙ্গ, ১২ মার্চ : অসম রাজ্য সাংবাদিক সংস্থার মরিগাঁও জেলা সমিতির চতুর্থ ত্রি-বার্ষিক অধিবেশন মরিগাঁও জেলার লাহরিঘাটে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে লাহরিঘাট উন্নয়ন খণ্ড কার্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত অধিবেশনে জেলার তিন প্রবীণ সাংবাদিক এবং অন্য তিনজন যুব সাংবাদিককে প্রেরণা পুরস্কার প্রদান করা হয়। অধিবেশনের কর্মসূচি অনুযায়ী সকালে পতাকা উত্তোলন, বন্তি প্রজ্বলন এবং স্মৃতি তর্পণের পাশাপাশি প্রাণের শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এরপর প্রতিনিধি পঞ্জীয়ন এবং জেলা সমিতির সভাপতি ড. হরমোহন কলিতার সভাপতিত্বে প্রতিনিধি সভাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিনিধি সভা তথা বিষয় নির্বাচন সভায় গঠন করে দেওয়া তিন সদস্যের একটি সমিতি নতুন কার্যকালের জন্য মরিগাঁও জেলা সমিতিটি গঠন করে। প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলামকে সভাপতি, হিমু বরাকে সাধারণ সম্পাদক, বিষ্ণু ডেকাকে পত্রিকা সম্পাদক হিসাবে নিয়ে একটি শক্তিশালী সমিতি গঠন করা হয়। এরপর বিকেলে ড. কলিতার সভাপতিত্বে অনুষ্ঠিত মুকলি সভাটি উদ্বোধন করেন অসম রাজ্য সাংবাদিক সংস্থার সভাপতি জিতু শর্মা রাজখোয়া।

উদ্বোধনী ভাষণে সভাপতি রাজখোয়া সংস্থার বিভিন্ন সময়ে সরকারের কাছে উত্থাপিত সাংবাদিকদের সমস্যা সমাধানের দাবির বিষয়ে বক্তব্য রাখেন। সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থেকে মরিগাঁও জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক অনন্তকুমার গগৈ। তিনি বক্তব্য বলেন, মরিগাঁও জেলায় শুধুমাত্র একজন আধিকারিক হিসাবে নয়, একজন সমাজকর্মী হিসাবেও বিভিন্ন অনুষ্ঠান, দল-সংগঠনের সাথে কাজ করতে হয় বলে উল্লেখ করে মরিগাঁওবাসীর স্নেহ-ভালোবাসার কথা ব্যক্ত করেন। পাশাপাশি তাঁর গ্রামোন্নয়ন বিভাগে জেলায় রূপায়িত কাজকর্মে ভুল-ত্রুটি দেখিয়ে দেওয়ারও আহ্বান জানান। একইভাবে সভায় বিশিষ্ট অতিথি হিসেবে লাহরিঘাট রাজস্ব চক্রের চক্র আধিকারিক নম্রতা চাহু, পর্যবেক্ষক হিসাবে তরুণ বরা, অসম রাজ্য সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপচন্দ্র ডেকা উপস্থিত ছিলেন।

এদিকে, এই সভাতেই মরিগাঁও জেলার তিন প্রবীণ সাংবাদিক যথাক্রমে ‘দৈনিক অসম’ এবং ডিওয়াই৩৬৫ এর লাহরিঘাটের সাংবাদিক বিষ্ণু ডেকাকে ‘২০২৬ বর্ষের গ্রাম্য সাংবাদিকতা পুরস্কার’, প্রাগ নিউজের মরিগাঁওয়ের সাংবাদিক মিতালি দেবীকে ‘চারণপরিয়া পুরস্কার’ এবং ‘প্রতিদিন টাইম’-এর মরিগাঁওয়ের সাংবাদিক মানবেন্দ্র দেবনাথকে ‘যুব সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করা হয়।  জেলার অন্য তিন যুব সাংবাদিক হিমু বরা, সাজিদ আনোয়ার এবং নুরুল হুদাকে প্রেরণা পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক ইন্দ্রেশ্বর নাথ, দুলাল ডেকা, তরুণ বিশ্বাস সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এদিকে, আজকের অধিবেশনে রাজ্যিক সাংবাদিক সংস্থার মরিগাঁও জেলা সমিতির অন্তর্গত জাগীরোড, মরিগাঁও, লাহরিঘাট এবং মৈরাবাড়ির সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *