বরাক তরঙ্গ, ১২ মার্চ : সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, নিজেকে বিজেপির শিলচর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি পরিচয় দিয়ে তিনি প্রায় ৬২ জন দরিদ্র মহিলার কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত প্রায় এক বছর ধরে মেহেরপুর, কো-অপারেটিভ আলিটিকর, কাঁঠাল রোড, পাঁচঘরি এবং মতিনগর এলাকার মহিলাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করা হয়। অরুণোদয় প্রকল্প, সরকারি শৌচালয় নির্মাণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা করে দেওয়ার কথা বলে ওই অর্থ নেওয়া হয় বলে দাবি তাদের।
অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ১০ হাজার টাকা, শৌচালয় প্রকল্পের জন্য ৫ হাজার টাকা এবং অরুণোদয় প্রকল্পের জন্য ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এভাবে মোট দেড় লক্ষাধিক টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মহিলারা। ভুক্তভোগীদের আরও অভিযোগ, বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্ত ব্যক্তি জেলা কমিশনারের ভুয়া সিলমোহরযুক্ত কাগজপত্র দেখান। এমনকি তাঁদের নামে সরকারি তালিকাও দেখানো হয়। পরে সরকারি দফতরে খোঁজ নিয়ে বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত মহিলারা জানান, প্রতারণার ঘটনার ভিডিও প্রমাণও তাদের কাছে রয়েছে। তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন।




