বরাক তরঙ্গ, ১১ মার্চ : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী পাঁচগ্রাম ঠাণ্ডাপুরস্থিত শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দির কপিলাশ্রমে আগামী ১৭ মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পবিত্র বারুণী স্নান ও পূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মন্দির পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি সুখেন্দু করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদক সুজন ভট্টাচার্যসহ পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন বারুণী স্নান ও মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন ভোর ৫টা ২৫ মিনিটে তিথি শুরু হয়ে সকাল ৮টা ৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে। তবে দিনটি শুভ হওয়ায় বিকাল ৫টা পর্যন্ত ভক্তদের জন্য স্নান পর্ব চালু রাখা হবে।
ভক্তদের সুবিধার্থে মেলাস্থলে পানীয় জলের ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, পুলিশ নিরাপত্তা, মেডিক্যাল টিম এবং এসডিআরএফ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালন কমিটির পক্ষ থেকে ভক্তদের অপ্রয়োজনীয় সোনা-গয়না সঙ্গে না আনার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মন্দিরে নির্মীয়মাণ দ্বিতল ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ভক্তদের আর্থিক সহযোগিতাও কামনা করা হয়েছে।




