ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচর ডিএসএ-র প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন হল টাউন ক্লাব। প্রথমবারের মতো এই খেতাব জেতার পথে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ক্লাবকে ১৯ রানে পরাজিত করে। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে এই ম্যাচেও বিতর্ক পিছু ছাড়েনি। ফলে অনেক দেরিতে খেলা শুরু হয়। ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৩৫।
টস জিতে ব্যাটিং নিয়ে ৬ উইকেটে ২১২ রান করে টাউন ক্লাব। দলের পক্ষে সৌরভ সাহা ৫২, ভরত নেওয়ার ৪৮, রাজু দাস ৩৮, রেহান জামিল মজুমদার ২২, সমীর সিনহা অপরাজিত ১৮ রান করেন। ইন্ডিয়া ক্লাবের শমীক দাস ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে ইন্ডিয়া ক্লাব নির্ধারিত ৩৫ ওভারে ১৯৩ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে একা লড়াই করলেন অমন সিং। তিনি আক্রমণাত্মক শতরান করেন। ছয়টি ছক্কা ও দশটি চারের সাহায্যে ৭৯ বলে করেন ১১৫ রান। এছাড়া অভিষেক দেব ৩২ এবং বিপ্লব সিনহা ১৫ রান করেন। টাউনের বোলারদের মধ্যে অধিনায়ক প্রীতম দাস তিন উইকেট নেন। দু’টি করে পেয়েছেন দানীশ আহমদ ও অনিকেত বাসফর দুটি করে উইকেট পেয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন ভরত নেওয়ার। সেরা বোলার শমীক দাস, সেরা ব্যাটার অমন সিং। পুরস্কার তুলে দেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, প্রাক্তন সহসভাপতি সুজন দত্ত প্রমুখ।
এদিকে, ইন্ডিয়া ক্লাব তাদের তিনজন নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না জানিয়ে শুক্রবার ডিএসএ সভাপতির কাছে একটি চিঠি দিয়ে তাদের নিয়মিত ক্রিকেটার পারভেজ মুশারফকে দলভুক্ত করার আর্জি জানিয়েছিল। আসলে রাজ্য দলে নিয়মিত খেলতে থাকায় এবার সুপার ডিভিশনের জন্য পারভেজের রেজিস্ট্রেশন করায়নি ইন্ডিয়া ক্লাব। তাই তারা ফাইনালের আগে পারভেজের রেজিস্ট্রেশনের জন্য অনুমতি চায়। তবে তাদের আবেদন মঞ্জুর হয়েছে কি হয়নি সেই ব্যাপারে ডিএসএ থেকে ইন্ডিয়া ক্লাবকে লিখিত কিছু জানানো হয়নি। ফলে তাদের অধিনায়ক সকালে এগারো জনের তালিকা তৈরি করতে পারছেন না বলে আম্পায়ারদের জানিয়ে দেন। কিন্তু বিষয়টি নিয়ে সুরাহা না হওয়ায় ইন্ডিয়া ক্লাব দল মাঠে নামতে অস্বীকার করে। শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম এবং এজিএস মেজর স্পোর্টস অরিজিৎ গুপ্ত সাদা কাগজে লিখে এবং নিজেদের সই ও জেলা ক্রীড়া সংস্থার সিল মেরে সেটা ইন্ডিয়া ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন। অর্থাৎ, পারভেজ খেলতে পারবেন না। তাঁকে বাদ দিয়েই দল নামায় ইন্ডিয়া ক্লাব।



