গবেষণাপত্র উপস্থাপনে আয়ারল্যান্ড যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা আয়েশা

Spread the news

বরাক তরঙ্গ, ৭ মার্চ : অসমের চা-শ্রমিক সম্প্রদায়ের মধ্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও ডিজিটাল বৈষম্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনের সুযোগ পেয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপিকা আয়েশা তাহেরা রশিদ। তাঁর এই গবেষণাপত্র আগামী ২৮ জুন থেকে ২ জুলাই আয়ারল্যান্ডের গ্যালওয়ে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক গণমাধ্যম ও যোগাযোগ গবেষণা সংস্থার (আইএএমসিআর) বার্ষিক সম্মেলনে উপস্থাপিত হবে।

“সংযোগ থেকে ডিজিটাল সম্পদে: ইউনেস্কোর রোম-এক্স কাঠামোর মাধ্যমে অসমের চা–জনজাতিরন মধ্যে ইন্টারনেটের সার্বজনীনতা মূল্যায়ন” শীর্ষক গবেষণাপত্রে ঐতিহাসিকভাবে পিছিয়ে থাকা চা–জনজাতি সম্প্রদায়ের ডিজিটাল বাস্তবতা তুলে ধরা হয়েছে। গবেষণাটিতে ইউনেস্কোর রোম-এক্স কাঠামো প্রয়োগ করে পাঁচটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। এগুলি হল অধিকার, উন্মুক্ততা, প্রাপ্যতা, বহু-পক্ষের অংশগ্রহণ এবং লিঙ্গ ও টেকসই উন্নয়নের মতো আন্তঃসংযোগমূলক বিষয়।

১৯৫৭ সালে ইউনেস্কোর সহায়তায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণমাধ্যম ও যোগাযোগ গবেষণা সংস্থা বিশ্বব্যাপী এই ক্ষেত্রের অন্যতম প্রধান পেশাদার সংগঠন। এবারের সম্মেলনের মূল বিষয় ‘প্রান্ত ও সংযোগ’, যেখানে ভৌগোলিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক দিক থেকে কেন্দ্র ও প্রান্তিকতার টানাপোড়েন নিয়ে আলোচনা হবে। সম্মেলনে অধ্যাপিকা রশিদ নিজে উপস্থিত থেকে তাঁর গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *