অসমের তিন রাজ্যসভা আসনের জন্য মনোনয়ন দাখিল বিজেপি ও ইউপিপিএল প্রার্থীদের

Spread the news

বরাক তরঙ্গ, ৫ মার্চ : অসম থেকে রাজ্যসভার তিনটি আসনের মধ্যে দুটির জন্য বৃহস্পতিবার বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক তেরছ গোয়ালা এবং মন্ত্রী যোগেন মোহন মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে তৃতীয় আসনের জন্য বিজেপির মিত্রদল ইউপিপিএল-এর পক্ষ থেকে প্রমোদ বড়ো মনোনয়ন দাখিল করেন।

দিসপুরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের উপস্থিতিতে নির্বাচন আধিকারিকের কাছে তিনজন প্রার্থীই নিজেদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও পবিত্র মার্ঘেরিটা, রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া, চন্দ্রমোহন পাটোয়ারি, অতুল বরা, দলের জাতীয় সহ-সভাপতি তথা নির্বাচন প্রভারি বৈজয়ন্ত জয় পাণ্ডা সহ বহু দলীয় নেতা।

২০১৬ সাল থেকে মাহমরা বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করে আসছেন যোগেন মোহন। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তিনি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে তিনি প্রথমবার মাহমরা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন এবং ২০২১ সালেও পুনরায় ওই কেন্দ্র থেকেই জয়ী হন। সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন সরকারেও তিনি মন্ত্রী ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানিয়ে যোগেন মোহন বলেন, “উচ্চকক্ষে পাঠানোর জন্য দলের নেতৃত্বকে ধন্যবাদ জানাই। গত দশ বছরে মন্ত্রী বা বিধায়ক হিসেবে আমার কেন্দ্রবাসী ও অসমের জন্য যতটুকু কাজ করেছি, তাতে যদি কোনও ঘাটতি থেকে থাকে তবে তার জন্য ক্ষমা চাইছি। রাজ্যসভা থেকে অসমের স্বার্থে কাজ করব এবং রাজ্যের সমস্যাগুলি কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমার কেন্দ্রবাসীদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই তারা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তারা আমাকে বিধায়ক হিসেবেই দেখতে চেয়েছিলেন। কিন্তু দলের জাতীয় নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে, সেভাবেই কাজ করতে হবে। রাজ্যসভায় গেলেও আমি অসমের মানুষের জন্য কাজ করে যাব।”
অন্যদিকে, বিটিসির প্রধান হিসেবে পাঁচ বছর প্রশাসন চালানো ইউপিপিএল প্রধান প্রমোদ বড়োও রাজ্যসভার তৃতীয় আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী আজ আমি রাজ্যসভার তৃতীয় আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছি। আশা করছি নির্বাচনের সময় বিভিন্ন দলের বিধায়কদের সমর্থন পাব। বড়োল্যান্ডসহ অসম, উত্তর-পূর্বাঞ্চল এবং দেশের জন্য কাজ করার সুযোগ পাব বলে আশা রাখছি। এজন্য দলের নেতৃত্বকে ধন্যবাদ জানাই এবং সব দলের সমর্থন কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *