ভুবনতীর্থ থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত বহু যাত্রী

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ মার্চ : দোল পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ভুবনতীর্থে পুজো দিতে পৌঁছান। বুধবার পুজো সেরে ফেরার পথে রাতে একটি অটো দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে ভুবন পাহাড়ের কৃষ্ণপুর রোডে, পাহাড়ের মাঝামাঝি অংশে। দুর্ঘটনায় অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন।

জানা গেছে, আহত যাত্রীরা কাছাড় জেলার কুম্ভা চা-বাগান এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আমড়াঘাট স্বেচ্ছাসেবী দল। তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি নিজেদের উদ্যোগে অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করে আহতদের দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে আহতদের চিকিৎসা চলছে। স্থানীয়দের মতে, স্বেচ্ছাসেবী দলের দ্রুত উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে, আমড়াঘাট স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সায়ন পাল জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে স্বেচ্ছাসেবীদের বেশ বেগ পেতে হয়। পরে বিকল্প গাড়ির ব্যবস্থা করে আহতদের মেডিক্যালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স পরিষেবার বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *