মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ মার্চ : ইফতারের পর পাথারকান্দি-র তৃপ্তি এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি বাইক ও এক্সেকেবেটরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীসহ অন্তত তিনজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের জেরে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এ সময় রাস্তায় থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত একটি শিশুও আঘাত পায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁদের সিভিল হাসপাতালে রেফার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বাড়ুয়াইল এলাকার নইম উদ্দিন রয়েছেন। আহত মহিলাটি তৃপ্তি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি দপ্তরের কর্মী বলে জানা গেছে। আহত শিশুটিও তাঁর পরিবারের সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।




