বরাক তরঙ্গ, ৪ মার্চ : শিলঙে মুখোশধারী দুষ্কৃতীদের পাথর হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন North-Eastern Hill University (নেহু)-র রেজিস্ট্রার-ইনচার্জ কৈলাশচন্দ্র বিসওয়াল। পূর্ব খাসি পাহাড় জেলার পুলিশ সুপার বিবেক সিয়েম জানান, সোমবার সন্ধ্যায় শিলঙের মাওলাই বাইপাস সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় বিসওয়ালের গাড়ির ওপর হামলা চালানো হয়। প্রায় পাঁচজন মুখোশধারী দুষ্কৃতী তাঁর গাড়ির গতিরোধ করে আচমকা পাথর ছুঁড়তে শুরু করে। একটি পাথর তাঁর মাথায় আঘাত করে, ফলে তিনি গুরুতর জখম হন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি একটি জনবহুল এলাকায় ঘটেছে। বিসওয়ালের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
আহত বিসওয়ালকে দ্রুত নিগ্রিমস-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিউরোলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। ঘটনার পর পুলিশ একটি মামলা রুজু করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, নেহু-র উপাচার্য অধ্যাপক প্রভাশংকর শুক্লা সম্প্রতি বিসওয়ালকে শিলং ক্যাম্পাসের রেজিস্ট্রার-ইনচার্জ হিসেবে নিয়োগ করেন। বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক অস্থিরতার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, প্রশাসনিক অনিয়মের জেরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গত বছরের ১৭ নভেম্বর থেকে উপাচার্য ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন।




