বরাক তরঙ্গ, ৪ মার্চ : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত কুশতুলি গ্রামে মারপিটের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, সোমবার বিকেলে একটি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বুবুল বরদলৈ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কুশতুলি গ্রামে রতন পাটরের সঙ্গে কোনও বিষয় নিয়ে প্রথমে কথার কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রতন পাটর ও বুবুল বরদলৈর মধ্যে প্রচণ্ড মারপিট হয়। এতে বুবুল বরদলৈ গুরুতর জখম হন। পরে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন।
মঙ্গলবার সকালে শয্যাশায়ী অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর খবরে কুশতুলি এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়েই লাহরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরিগাঁও সিভিল হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে লাহরিঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে, মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রতন পাটরকে গ্রেফতার করে পুলিশ। লাহরিঘাট পুলিশে এই ঘটনা সম্পর্কে তদন্ত অব্যাহত রাখছে।




