বরাক তরঙ্গ, ৪ মার্চ : মঙ্গলবার কংগ্রেস তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ৭ নম্বর গৌরীপুর বিধানসভা কেন্দ্র থেকে আব্দুস সুবহান আলি সরকারের নাম ঘোষণার পরেই গৌরীপুর জুড়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়। দলীয় সূত্রে জানা যায়, আব্দুস সুবাহান আলি সরকারকে প্রার্থী করায় গৌরীপুরের কংগ্রেস কর্মীরা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এবারের নির্বাচনে গৌরীপুর কেন্দ্রে কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত।
কংগ্রেস কর্মীদের বক্তব্য, গত এক দশক ধরে গৌরীপুর কেন্দ্র AIUDF-এর বিধায়ক নিজানুর রহমানের দখলে থাকলেও বর্তমানে ওই দলের সাংগঠনিক শক্তি অনেকটাই ক্ষয়প্রাপ্ত। তাই এবার গৌরীপুরে কংগ্রেসের জয়ের পথে তেমন কোনও বাধা থাকবে না এবং কার্যত শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও নেই বলে তাঁদের মত।




