রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৩ মার্চ : ধলাই থানা অধীন ভাগাবাজার এলাকায় জাতীয় সড়ক ৩০৬-এর মাত্র এক কিলোমিটার বাজার অংশ এখন নিত্যদিনের দুর্ভোগের প্রতীক। বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়ছে গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, বাজারের অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান ধীরে ধীরে সড়কের ওপর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অনেক ক্ষেত্রে দোকানের সামগ্রী ও অস্থায়ী স্টল সড়কের অংশ দখল করে রাখায় যান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। ব্যবসায়ীরা ক্ষুদ্র বিক্রেতাদেরও সড়কের ওপর বসার সুযোগ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে যানবাহন দাঁড় করানোর আলাদা জায়গা না থাকায় সড়কজুড়েই পার্কিং করতে বাধ্য হচ্ছেন চালকেরা, যা যানজটের প্রধান কারণগুলোর একটি। এর পাশাপাশি বাজারের অভ্যন্তরে বিভিন্ন রাস্তায় চলাচলকারী অন্তত দশটি অবৈধ অটো ও ট্র্যাভেলার স্ট্যান্ড গড়ে ওঠায় যান চলাচলে বাড়ছে বিশৃঙ্খলা। দোকানে মালামাল লোড-আনলোডের সময় পণ্যবাহী গাড়ি সড়কের ওপর দাঁড়িয়ে থাকাও জটের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
এই যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রী, স্থানীয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং জরুরি পরিষেবার যানবাহন। অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ আটকে থাকায় রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছানো নিয়েও দেখা দিচ্ছে আশঙ্কা। প্রতিদিন কর্মস্থলগামী মানুষকেও ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত এই পথ দিয়ে যাতায়াত করলেও যানজট নিরসনে কার্যকর ও স্থায়ী উদ্যোগ চোখে পড়ছে না। প্রায় এক বছর আগে প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হলেও অল্পদিনের মধ্যেই বাজার আবার আগের অবস্থায় ফিরে আসে। সেই অভিযানে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির অভিযোগও উঠেছিল।

পরিস্থিতির উন্নতির লক্ষ্যে মঙ্গলবার ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সচেতনতা বৃদ্ধি ও যানজট নিরসন বিষয়ে পথসভা আয়োজন করা হয়। বাজারের তিনটি স্থানে পৃথকভাবে সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি মনসুর আহমদ, উপ-সভাপতি আমির হোসেন লস্কর, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যার প্রতিনিধি সাবির আহমেদ লস্কর এবং সংবাদকর্মী রাজীব হোসেন মজুমদার। তাঁরা জনসাধারণকে সড়ক দখলমুক্ত রাখা, শৃঙ্খলাপূর্ণ পার্কিং এবং অবৈধ স্ট্যান্ড বন্ধের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
আগামীকাল বেলা ১১টায় ভাগাবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দক্ষিণ ধলাই অঞ্চলের বুদ্ধিজীবী, জনপ্রতিনিধ এবং বিভিন্ন অটো স্ট্যান্ডের সম্পাদক ও সভাপতিদের নিয়ে একটি নাগরিক সভার আহ্বান করা হয়েছে। সেই সভায় সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে যানজট নিরসনে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জাতীয় সড়কের এই গুরুত্বপূর্ণ অংশে যানজট আরও ভয়াবহ রূপ নেবে। এখন দেখার বিষয় নাগরিক উদ্যোগ ও প্রশাসনিক তৎপরতায় আদৌ স্বস্তি ফিরে আসে কি না।



