দোলের দিনেই পরিবহন বন্ধ, রাধানগর–খোয়াই ও কমলপুর–কৈলাসহর রুটে চরম ভোগান্তি

Spread the news

বরাক তরঙ্গ, ৩ মার্চ : দোল উৎসবের দিন হঠাৎ করেই অনির্দিষ্টকালের জন্য রাধানগর থেকে খোয়াই এবং কমলপুর–কৈলাসহর রুটে বাস ও ছোট গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সূত্রের খবর, একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে পরিবহন পরিষেবা আচমকাই স্থগিত করা হয়। যদিও ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি, তবে এই আকস্মিক সিদ্ধান্তের জেরে বহু যাত্রী নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেননি। বিশেষ করে উৎসবের দিন হওয়ায় পরিবার-পরিজনের সঙ্গে দেখা করা কিংবা জরুরি কাজে বের হওয়া মানুষজন মারাত্মক সমস্যায় পড়েন।
যাত্রীদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়াই পরিষেবা বন্ধ করে দেওয়ায় তারা বিকল্প ব্যবস্থাও নিতে পারেননি। দীর্ঘক্ষণ রাস্তার ধারে অপেক্ষা করতে হয়েছে বহু মানুষকে। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরাও বিপাকে পড়েন।

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। যাত্রীদের আশা, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে পরিবহন পরিষেবা পুনরায় চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *