সপ্তম শ্রেণির পড়ুয়া নিবির বজালি জেলার এসপি

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : সারা দেশের সঙ্গে বিশ্ব শিশু দিবস পালন করেছে বজালি জেলা পুলিশও। প্রতি বছরই এই দিনটিকে বিশ্ব শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। দিনটির তাৎপর্যকে স্মরণে রেখে বজালি পুলিশ গ্রহণ করেছে এক বিশেষ উদ্যোগ—এক দিনের জন্য এক শিশুকে দেওয়া হয়েছে পুলিশ সুপারের দায়িত্ব।

নায়ক ছবির দৃশ্যকেও যেন হার মানানো এই উদ্যোগে আজ বজালির ঘটবর গ্রামের এক কিশোর, নিবির নেশন বরুয়া দিনের জন্য পুলিশের সর্বোচ্চ জেলা পদে বসে। সে ভোটান্ত সাদেরা রূপকোবর ন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং অঙ্কুর বরুয়ার পুত্র।

জানা গেছে, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে নিবির এক দিনের জন্য পুলিশ সুপার হওয়ার আবেদন করেছিল। মুখ্যমন্ত্রী সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করার দায়িত্ব অর্পণ করেন অসম পুলিশের মহানির্দেশকের কাছে। এরপরই আজ বাস্তবে রূপ নেয় সেই ইচ্ছা—নিবির হয়ে যায় বজালি জেলার এক দিনের SP।

বজালি জেলার পুলিশ সুপার সুমন চক্রবর্তী জানান, “আজ বিশ্ব শিশু দিবস। এই দিনের গুরুত্ব মাথায় রেখে নিবির নেশন বৰুৱাকে এক দিনের জন্য পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার ইচ্ছাই ছিল বজালির SP হওয়া, সেই কারণেই আবেদন করেছিল। তাই এই বিশেষ দিনে তার ইচ্ছাকে সম্মান জানানো হয়েছে।”

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন জেলায় শিশুদের প্রতীকীভাবে প্রশাসনিক দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ বজালির এই শিশুও পেল অনন্য সম্মান ও সৌভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *