বরাক তরঙ্গ, ১ মার্চ : ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা-বাগান ও ভুবনডহর চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের উদ্বোধন করলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। রবিবার প্রথমে ফলক উন্মোচন করে ও পরে ফিতা কেটে প্রকল্প দু’টির উদ্বোধন করেন তিনি। এদিন প্রথমে রুকনি চা-বাগানের দর্মিখাল পুনিছড়ায় নির্মাণ করা জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের উদ্বোধন করেন। পরে ভুবনডহর চা বাগানের ভুবনডহর বাজার সংলগ্ন স্হানে নির্মাণ করা জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের উদ্বোধন করেন বিধায়ক।

এদিনের পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন আসাম সরকার চা বাগানের উন্নয়নের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। কারণ চা বাগানের মানুষ এখনো পিছিয়ে রয়েছে তাই তাদেরকে সমাজের মূল স্রোতে তোলে আনতে স্কিল সেণ্টার গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দিয়ে আর্থিক ভাবে সাবলম্বী করার প্রয়াস হাতে নেওয়া হবে। তিনি বলেন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আসামের প্রতিটি চা-বাগানে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেণ্টার স্হাপন করার। আর এভাবে ধলাই বিধানসভা কেন্দ্রের ১১টি চা-বাগানে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেণ্টারের নির্মাণ কাজ চলছে এরমধ্যে কয়েকটির কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সাংসদ পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী থাকার সময় এসব প্রকল্পের প্রস্তাব পাঠান ও নির্মাণ কাজের সুচনাও করেন। তিনি বলেন, চা-বাগানের মানুষের উন্নতি সাধন এই প্রকল্পের মুল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ধলাইর প্রতিনিধি শশাঙ্কচন্দ্র পাল, গঙ্গানগর রুকনি জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়। পৃথক পৃথক সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতী, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, দুই সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব, দীপক রায়, এপি সদস্য বিজয় গোয়ালা, সাপু রবিদাস, জিপি সভানেত্রী উমারানি দাস, জিপি সভাপতি অনুপ নাথ, রাজীব দাস প্রমুখ।



