বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি: পবিত্র ঈদুল ফিতরের রাতে শিলচরের উত্তর কৃষ্ণপুর আউলিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান ‘নূরী মাহফিল’। শিলচর শহরের এই মহফিলের আয়োজন করছে কাছাড় সুন্নি ফাউন্ডেশন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাজুড়ে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
উত্তর কৃষ্ণপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির কনভেনর মওলানা সাব্বির হোসেন আল আজহারি জানান, এ বছরের মহফিলে মুখ্য না’তখা হিসেবে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের আম্বেদকর নগর থেকে আগত খ্যাতনামা না’তখা সান্দাল জালালপুরী।
এছাড়াও কাছাড় সুন্নি ফাউন্ডেশনের বিশিষ্ট না’তখা উলামা একরাম সুফিয়ানে এজামসহ অন্যান্য শিল্পীরা হামদ ও না’তে রাসুল পরিবেশন করবেন। মহফিলকে আরও আকর্ষণীয় করে তুলতে ৬ থেকে ১৪ বছর বয়সী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নাত শরীফ, কিরাত ও ইসলামিক গ্রুপ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারীদের অডিশনের মাধ্যমে বাছাই করা হবে এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্তির শেষ তারিখ আগামী ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।



