নেহরু মূর্তি ভাঙচুরের প্রতিবাদে লক্ষীপুরে ধরনা কংগ্রেসের

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-র মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পয়লাপুলে অবস্থিত নেহরুর মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা।

ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পয়লাপুলে কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদী ধরনা কর্মসূচি পালন করা হয়। ধরনায় অংশ নিয়ে নেতৃবৃন্দ এই ঘটনাকে ‘জঘন্য’ বলে আখ্যা দেন এবং তীব্র নিন্দা জানান। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ কুমার দে, অভিজিৎ পাল, বাপ্পা সেন, প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায়, সৌম্যকান্তি পুরকায়স্থ, লক্ষীপুর ব্লক কংগ্রেস সভাপতি মহিবুর রহমান খান, জেলা কংগ্রেসের সহ-সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, আইনজীবী হেমন্ত সিংহসহ অনেকে।

এ দিন তিন ঘণ্টা ধরে চলা ধরনা কর্মসূচি শেষে এক প্রতিনিধি দল লক্ষীপুর থানায় গিয়ে ওসির কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার না করা হলে পুনরায় আন্দোলনে নামবে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *