সোনাইর বেরাবাকে গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামীর অবৈধ সম্পর্কের জেরে খুনের অভিযোগ পরিবারের

Spread the news

দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : সোনাই থানা এলাকার নগদীরগ্রাম-চাঁন্দপুর জিপির বেরাবাক তৃতীয় খণ্ড গ্রামে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সোমা চন্দ। পরিবারের অভিযোগ, স্বামীর অবৈধ সম্পর্কের জেরেই তাঁকে খুন করা হয়েছে।

জানা গেছে, কচুদরম থানা এলাকার আমড়াঘাটের গঙ্গানগর সপ্তম খণ্ড (কৃষ্ণপুর) গ্রামের বাসিন্দা অনুকূল চন্দের একমাত্র কন্যা সোমা চন্দের সঙ্গে কয়েক বছর আগে বেরাবাক তৃতীয় খণ্ডের বাসিন্দা রাজু শীলের বিয়ে হয়। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। তবে সামাজিক মর্যাদার কারণে বিষয়টি প্রকাশ্যে আসেনি।

মৃতের বাবা অনুকূল চন্দ ও ছোট ভাই অর্পণ চন্দ সরাসরি অভিযোগ করে জানান, রাজু শীলের অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত অশান্তি চলত। এই কারণেই সোমাকে হত্যা করা হয়েছে বলে তাঁদের দাবি।

অর্পণ চন্দ জানান, বৃহস্পতিবার ভোরে রাজুর প্রতিবেশীরা ফোন করে দ্রুত বেরাবাকে আসতে বলেন। পরে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা ঘরের ভেতরে সোমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁরা হত্যার অভিযোগ তোলেন।

ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং সার্কেল ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমকে অবহিত করে। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেন। পরে পুলিশের মাধ্যমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *