শিলচর–জয়ন্তীয়া সড়ক বেহাল, দিনভর বিভিন্ন স্থানে অবরোধ

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : কাটিগড়া বিধানসভা এলাকার যাতায়াতের অন্যতম জীবনরেখা শিলচর–জয়ন্তীয়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ফের সড়ক অবরোধে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই অবরোধে কার্যত স্তব্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ ব্যবস্থা।

জানা গেছে, কাছাড় জেলার বিহাড়া দেশবন্ধু ক্লাবের উদ্যোগে সড়কের বিভিন্ন স্থানে বাঁশের ব্যারিকেড বসিয়ে অবরোধ শুরু করেন সংগঠনের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, অসম মালা প্রকল্পের অধীনে গত কয়েক বছর ধরে সড়ক সংস্কারের নামে শুধু টালবাহানা চলছে। কোটি কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও গত তিন বছরে মাত্র তিন কিলোমিটার সড়ক নির্মাণ কাজও সম্পূর্ণ করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।

ফলে বর্ষাকালে জল ও কাঁদায় চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। অন্যদিকে, বর্তমানে শুষ্ক মৌসুমে ধুলোর ঝড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী, যানবাহন চালক ও স্কুলপড়ুয়ারা। ধুলোর কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তবুও বারবার প্রতিবাদ ও অভিযোগ জানানোর পরও সড়ক সংস্কারের কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়দের দাবি, নেতা-মন্ত্রী, জেলা প্রশাসন ও বিভাগীয় আধিকারিকরা বারবার পরিদর্শন করে আশ্বাস দিলেও বাস্তবে কোনও কাজ এগোয়নি। বর্তমানে সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

উল্লেখ্য, এই সড়কটি জয়ন্তীয়া এলাকার সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *