রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : আগামী ১৪ মার্চ শিলচরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা প্রশাসন। বুধবার প্রধানমন্ত্রীর নির্ধারিত সভাস্থল পরিদর্শনে রাজ্যের মুখ্যসচিব ড. রবি কোটা, ডিজিপি হরমিত সিং এবং রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল উপস্থিত হন। তাঁরা রামনগর বাইপাস এলাকায় সভামঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন।
পরবর্তীতে কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে মুখ্যসচিব, ডিজিপি এবং দুই মন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আয়ুক্ত, সিনিয়র পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মুখ্যসচিব এবং মন্ত্রী কৌশিক রায় জানান, প্রধানমন্ত্রী রামনগর বাইপাসে আয়োজিত এক বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি গুয়াহাটি–বরাপানী–পাঁচগ্রাম জাতীয় সড়কের এক্সপ্রেস প্রকল্প এবং শিলচর ফ্লাইওভারের শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।



