বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : শিবসাগর জেলার গৌরীসাগর থানার অন্তর্গত শ্রীপুরিয়া তিনিআলিতে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গৌরীসাগর–দিখৌমুখ সংযোগকারী সড়কের বরালি এলাকায়।
নিহত দুই ছাত্রের পরিচয় পাওয়া গেছে। তারা হল ১৬ বছর বয়সী প্রিয়ানুজ বরা এবং রিঙ্কুরঞ্জন দত্ত। উভয়েই গৌরীসাগর থানার অধীনস্থ এলাকার বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই ছাত্র গৌরীসাগর জুনিয়র কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল। আজ তারা AS 04 AJ 8366 নম্বরের একটি স্কুটিতে করে কলেজ থেকে বাড়ি ফিরছিল। সেই সময় একই দিকে চলন্ত একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা মারে তাদের স্কুটি। ধাক্কার ফলে দুজনই স্কুটি থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

অভিযোগ, দুর্ঘটনার পর ধাক্কা মারা মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও সামনে গিয়ে AS 06 AB 6343 নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে শিবসাগর সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে।



