বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : আগামী ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। এই দিবস উদযাপনের প্রাকলগ্নে ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধানের উৎসাহ জাগিয়ে তোলার জন্য গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ একটি সফটওয়্যার প্রশিক্ষণ ও নৈশ পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করে। আয়োজিত হয় মঙ্গলবার বিকেল চারটে থেকে গুরুচরণ বিশ্ববিদ্যালয় সভাগৃহে। অনুষ্ঠানটি আয়োজিত হয় আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের আয়ুকা সেন্টার ফর অ্যাস্ট্রোনমি রিসার্চ অ্য়ান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায়।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। এছাড়া মুখ্যবক্তা ড. হিমাদ্রি শেখর দাস, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান ড. ইন্দিরা দে, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজর্ষি কৃষ্ণ নাথ, অন্যান্য বিভাগের অধ্যাপক, অধ্যাপিকাও গুরুচরণ বিশ্ববিদ্যালয় ছাড়া ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি অধ্যাপক নিরঞ্জন রায় বিজ্ঞান জগতে ড. সিভি রমনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা ব্যক্ত করে বলেন যে ভবিষ্যতে এই বিভাগ এরকম আরও অনুষ্ঠানের আয়োজন করবে। উল্লেখ্য, গুরুচরণ কলেজ থেকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর পদার্থবিদ্যা বিভাগের এটি প্রথম আয়োজিত অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধানবক্তা আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর দাস ‘অ্যাস্ট্রোনমি ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি চ্যালেঞ্জার্স অপর্চুনিটিস অ্য়ান্ড এক্সপেক্টেশন্স’ এ বিষয়ের উপর বিশদ আলোচনা করেন ও ছাত্র-ছাত্রীদের গবেষণায় যোগদান করার জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানের প্রশিক্ষণ পর্বে ডক্টর ভাস্কর গোস্বামী অ্যাস্ট্রোনমিস্ট সফটওয়্যার এর প্রয়োগ ও ব্যবহার নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দান করেন। গুরুচরণ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণে যোগদান করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের জন্য নৈশ আকাশ পর্যবেক্ষণের আয়োজন করা হয়। টেলিস্কোপের মাধ্যমে ছাত্রছাত্রীরা নৈশ আকাশ পর্যবেক্ষণ করে এবং এর ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ডক্টর রাজস্বী কৃষ্ণ নাথের ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



