সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর ওপর প্রাণঘাতী হামলার নিন্দা করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস মুখপাত্রের

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর উপর ভূ-মাফিয়াদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস। সংগঠনের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে এই হামলার তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

শুভজিৎ চক্রবর্তী জানান, ভূ-মাফিয়া অরবিন্দু দাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরেই এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রবিবার রাতে শিলচরের চেংকুড়ি পয়েন্ট এলাকায় সুরজিৎ চক্রবর্তীকে একা পেয়ে অরবিন্দু দাস, তার ভাতিজা সুবল দাস এবং তাদের সহযোগীরা দলবদ্ধভাবে তার উপর হামলা চালায়। এই হামলায় সুরজিৎ চক্রবর্তী গুরুতরভাবে আহত হন।

তিনি আরও বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এই ঘটনায় জড়িত সকল দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানান যুব কংগ্রেসের মুখপাত্র। ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহল ও বিভিন্ন সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *