কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : গভীর রাতে এক্সকাভেটর ব্যবহার করে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে লক্ষীপুর কেন্দ্রের পয়লাপুর এলাকায়। এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পয়লাপুর চৌমাথায় স্থাপিত নেহেরুর পূর্ণাবয়ব মূর্তিটি সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলে দেয়। ঘটনাটি কাছাকাছি স্থাপিত একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, কয়েকজন দুষ্কৃতী এক্সকাভেটরের সাহায্যে মূর্তিটি ভেঙে সরিয়ে নিচ্ছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশপ্রসাদ গোয়ালা পয়লাপুর চৌমাথায় এই মূর্তিটি স্থাপন করেছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল ও স্থানীয় বাসিন্দারা। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি উঠেছে।



