বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : কাছাড় জেলায় চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৮২ লক্ষ টাকা মূল্যের অবৈধ Esse Light সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে।
আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, কাছাড় জেলায় অবৈধ সামগ্রী পাচারের তথ্য পাওয়ার পর কাছাড় পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান চালানো হয়। রবিবার সন্ধ্যার দিকে বাঁশকান্দি এলাকা দিয়ে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ Esse Light সিগারেট। অভিযান চলাকালীন যৌথ দলটি ওই সিগারেটের চালান আটক করতে সক্ষম হয়।
বাজেয়াপ্ত করা সিগারেটগুলো পরবর্তী তদন্তের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আসাম রাইফেলস দীর্ঘদিন ধরে এই অঞ্চলে চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান চক্র ভেঙে দিতে কাজ করে যাচ্ছে বাহিনী।



