জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলা প্রশাসনের দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনার উদ্যোগে হাইলাকান্দিতে তিন দিনব্যাপী দুর্যোগ মোকাবিলার এক্সারসাইজ বুধবার সম্পন্ন হয়েছে। বোয়ালিপারের ড. শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনে সোমবার থেকে শুরু হওয়া এই এক্সারসাইজের তৃতীয় দিনে বুধবার মকড্রিল অনুষ্ঠিত হয়। এতে পার্শ্ববর্তী স্টেট ইনস্টিটিউট অব পঞ্চায়েত রাজের এক্সটেনশন সেন্টার এর ভবনে ভূমিকম্পের দৃশ্যপট তৈরি করে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হয়। একইসঙ্গে ভূমিকম্পের পরবর্তী অগ্নিকাণ্ডেরও দৃশ্যপট তৈরি করে উদ্ধার ও ত্রাণ তৎপরতা মোকাবিলা করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন শাখার কাজকর্ম পরীক্ষা করা হয়। পরবর্তীতে ডিব্রিফিং এর মাধ্যমে আপৎকালীন পরিস্থিতিতে বিভিন্ন বিভাগের কাজ কর্মের পর্যালোচনা করা হয়। মকড্রিল সার্কল অফিসার আরিফ আহমদ চৌধুরী সহ রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার রাজেশ দত্ত, ডিডিএমএ-এর ডিপিও মহম্মদ আহমদ, আব্দুল কাদের বড়ভূঁইয়া পরিচালনা করেন। তিন দিনের এই এক্সারসাইজে দুর্যোগ কালীন সময়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সমন্বিত প্রচেষ্টা নিয়ে বিভিন্ন বিভাগের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে শিশুদের পরিচর্যার বিষয় এবং নিরাপদ পানীয়জলের স্বাস্থ্যকর পরিবেশন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া টেবিল টপ এক্সারসাইজও অনুষ্ঠিত হয়। উল্লেখ্য তিনদিনের এই এক্সারসাইজে শিক্ষা বিভাগ, পিএইচই, সমাজ কল্যাণ ফায়ার এন্ড ইমার্জেন্সি বিভাগের কর্মকর্তারা অংশ নেন।



