মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তারেকের, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ

Spread the news

১৮ ফেব্রুয়ারি : মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ। বুধবার বেলা ১১টায় সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়।

এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ারও কথা রয়েছে। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ দিকে, সরকারি সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর মাধ্যমে ভাষণ সম্প্রচার করা হবে। এছাড়া অনলাইনে সরাসরি স্ট্রিমিংয়ের মাধ্যমে দেশের সব নাগরিক ভাষণটি দেখতে পারবেন।

প্রসঙ্গত, নতুন সরকার সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছে এবং বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ হাতে নিয়েছে। আজকের ভাষণকে রাজনৈতিক ও সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *