বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : সমগ্র অসম রাজ্যের পাশাপাশি কাছাড় জেলার শিলচর শহরেও ধর্মীয় রীতি ও গভীর ভক্তিভরে পালিত হয়েছে মহা শিবরাত্রি পূজা। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এই পবিত্র পূজা অনুষ্ঠিত হয় এবং এদিন শিবভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।
শিব চতুর্দশী উপলক্ষে শিলচর শহরের স্বর্গদুয়ার শ্মশানঘাট শিবমন্দির, ন্যাশনাল হাইওয়ের জগৎবন্ধু লেন ঠাকুরবাড়ি শিবমন্দিরসহ শহরের প্রতিটি শিবমন্দিরকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়। বিভিন্ন মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভক্তরা ভগবান শিবের পূজা অর্চনা করেন। শিবলিঙ্গে পবিত্র স্নান করিয়ে ফুল, বেলপাতা ও বিভিন্ন উপাচার অর্পণ করেন ভক্তরা। এদিকে, মন্দির প্রাঙ্গণে মহিলাদের উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পূজা শেষে প্রতিটি শিবমন্দির কমিটির উদ্যোগে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় আবহ, ভক্তদের উপস্থিতি এবং আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর শহরে মহা শিবরাত্রি উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।



