বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংগঠনের অনশন অব্যাহত, পূর্ণ সমর্থন বরাকবঙ্গের

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : প্রাথমিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে চালু করা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার ৩০০টি শিক্ষক পদ সৃষ্টি করা, কেন্দ্রীয় ওবিসি তালিকার গেজেট নোটিফিকেশন প্রকাশ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি অটোনোমাস কাউন্সিল গঠন ইত্যাদি দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শিলচরে ক্ষুদিরাম মুর্তির পাদদেশে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা এবং সহযোগীরা যে আমরণ অনশন করে চলেছেন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে।

রবিবার বিকেলে সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক ড. পরিতোষ চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক অনিল পাল ও কার্যালয় সম্পাদক পরিতোষ দে অনশন স্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা মহাসভার দাবিগুলোকে যুক্তিসঙ্গত বলেই উল্লেখ করেন। সাধারণ সম্পাদক ড. দত্ত অনশনকারীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রশাসনকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে বলেন। তাঁর কথায়, সকলেরই মাতৃভাষায় পঠনপাঠনের অধিকার রয়েছে। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ দিকে, চতুর্থ দিনেও সংগঠনগুলোর কর্মকর্তাদের অনশন অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *